জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল নৌবন্দরের একমাত্র সড়ক দেখে প্রথমে মনে হতে পারে কোন রুপা-আমন ধান রোপণের ক্ষেত। কিন্তু না এটি ইসলামপুর-গুঠাইল বাজার নৌবন্দরে চলাচলের গুরুত্ব পূর্ণ প্রধান সড়ক। এই সড়কটি চলতি বন্যায় বিভিন্ন স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যানচলাচল বন্ধের উপক্রম হয়েছে।
জন গুরুত্বপূর্ণ এই আট কিলোমিটার সড়কটি বানিয়াবাড়ী, কাছিমা, গুঠাইল, দেলীপাড়সহ বিভিন্ন জায়গায় অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চলাচলকারীদের। উপজেলার যমুনার নৌবন্দর নামে খ্যাত গুরুত্বপূর্ণ গুঠাইল বাজারে এলাকার মানুষ তাদের উৎপাদিত ফসল চাল, ধান, পাট, শস্য গরু, ছাগল, হাঁস মুরগি ক্রয় বিক্রয়সহ গাইবান্ধা ও বগুড়া জেলায় যাতায়াতকারী একমাত্র সড়ক।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আহসান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন ইসলামপুর-গুঠাইল বাজার সড়কটি নির্মাণ কাজ চলছে। বন্যায় সড়কটি তলিয়ে যাওয়ায় মেরামত কাজ বন্ধ ছিল। দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান।
ইত্তেফাক/জামান
