‘বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন’

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১২:২১
 
ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের মধ্যেই দেশের ১৬ কোটি মানুষ আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে।
 
বৃহস্পতিবার  তাঁর ব্যক্তিগত উদ্যোগে অটিজম শিশু-কিশোরদের আঁকা ছবি ও লেখা নিয়ে পুতুল কর্তৃক সংকলিত ও সম্পাদিত ‘অনন্য ছবি, তাদের চোখে বাংলাদেশ’ বইটি উপজেলার শতাধিক পাঠাগারে বিনামূল্যে বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
তিনি আরো বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছেন। দেশ-বিদেশের বিশ্ব বিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী প্রধানমন্ত্রী কন্যা পুতুলের নেতৃত্বে আজ বিশ্ব অটিজম শিশুদের উন্নয়ন ও অগ্রযাত্রার কার্যক্রম এক নতুন আলোর সন্ধান পেয়েছে। অনুষ্ঠানে তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের সামাজিক নিরাপত্তা দিতে সকলের প্রতি আহবান জানান।
 
উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রেশমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ