দুই পক্ষের উত্তেজনার মধ্যেই নাটোরে আঞ্চলিক ইজতেমা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:১০

নাটোর প্রতিনিধি

তাবলীগ জামাতের সাদ পন্থি গ্রুপ ও জেলা ঈমান আকীদা সংরক্ষণ কমিটির উত্তেজনার মধ্যেই নাটোরে এক দিনের আঞ্চলিক ইজতেমা (জেলা ইজতেমা) শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বাদ জোহর থেকে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে মল্লিকহাটি এলাকায় শুরু হয়েছে একদিনের ইজতেমা যা আজ বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এদিকে, ইজতেমা বন্ধে গত বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন জেলা ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। জেলা ঈমান আকীদা সংরক্ষণ কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামিআতের সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিন বলেন, গত ১ ডিসেম্বর টঙ্গীর ময়দানে আলেমদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালায় সাদ পন্থিরা। তবুও ধর্মীয় সমপ্রীতির স্বার্থে সরকার দুই পক্ষকে নিয়েই টঙ্গীতে ৬৪ জেলার ইজতেমা করিয়েছেন। কিন্তু কাকরাইল মার্কাজের অনুমতি ব্যতীত সাদ পন্থিরা নাটোরে স্থানীয়ভাবে ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছে।

অপরদিকে সাদ পন্থি তাবলীগ সাথীদের দাবি, তারা উভয় পক্ষের সম্মতিতেই ইজতেমার আয়োজন করছেন। গত ৩১ মার্চ দুপক্ষের পাঁচ জন করে প্রতিনিধি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় এক দিনের ইজতেমা আয়োজনের। ওই সভায় ঈমান আকীদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, তাবলীগ জামাতের দুপক্ষের সম্মতিতেই ইজতেমার আয়োজন হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ইজতেমা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।