চকবাজারে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৯:১৬
 
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় এক যুবক দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন। তার নাম মঞ্জু (২৮)। গতকাল শুক্রবার সন্ধ্যা মাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম জানাইনি।
 
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন রক্তাক্ত অবস্থায় মঞ্জুকে সেখানে নিয়ে যান। এ সময় তারা দাবি করেন, সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। কিন্তু চিকিত্সকরা পরীক্ষা করে তার শরীরে গুলির চিহ্ন পান। তবে ততক্ষণে মঞ্জু মারা গেছেন বলে কর্তব্যরত চিকিত্সকরা জানান। এরপর সঙ্গে থাকা লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে কৌশলে লাশ বের করে আনে। বাইরে কর্তব্যরতরা মঞ্জুকে অচেতন রোগী ভেবে আর কিছু বলেননি। চকবাজার থানা পুলিশের দাবি, নিহত মঞ্জু ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এদিকে মঞ্জুর মৃত্যুর খবর শুনে তার পরিচিত কয়েকজন ঢামেক হাসপাতালে গেলে পুলিশ তাদের চারজনকে আটক করে। তবে তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। 
 
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, ইসলামবাগ ক্লাবঘাট সংলগ্ন বাগানবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে থানায় খবর এসেছে। তবে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সন্ধান পায়নি বলে তিনি জানান।
 
ইত্তেফাক/কেকে