পর্যাপ্ত সময় না রেখে আবেদন করায় ইউনূস সেন্টার অনুমতি পায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৯:২১
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পর্যাপ্ত সময় না রেখে আবেদন করায় ইউনূস সেন্টারকে তাদের ‘সোশ্যাল বিজনেস ডে’র আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়া যায়নি। তিনি বলেন, তারা (ইউনূস সেন্টার) আমাদের অফিসে অনুমতি চায়নি, তারা ঢাকা জেলা পুলিশের অফিসে জানিয়েছে যে, সাভারের কোনো একটা জায়গায় অনুষ্ঠানটি হবে কিন্তু আমাদের করার কিছু ছিল না। গতকাল শুক্রবার সকালে রাজধানীর অলিম্পিক ভব?নে অলিম্পিক ডে উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার কারণে ইউনূস সেন্টারকে তারিখ পরিবর্তনের কথা বলা হয়েছিল। পুলিশ তাদের বলেছে তারিখ পরিবর্তন করে অন্য সময় করার কথা। কারণ পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখে। এখন আমরা শুনেছি তারা নাকি লো মেরিডিয়ানে সম্মেলন করছে, এতে আমাদের কোনো আপত্তি নেই।
 
সরকারই ইউনূস সেন্টারের সম্মেলন আটকে দিয়েছে- এমন অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা অনুষ্ঠানটি করবে, সেটা আইজিপিকে বলবে, কিন্তু বলেছে ঢাকার জেলা পুলিশকে। আমরা তো দেখব কারা আসবে, কারা থাকবে, নিরাপত্তার বিষয় তো রয়েছে। কারণ আমরা হলি আর্টিজান বা অন্য কিছু সংঘটিত হতে দেব না।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে জন্যই আমরা সব কিছু যাচাই-বাছাই করছি। এতো বড় একটা আন্তর্জাতিক অনুষ্ঠান করবে, নিরাপত্তার বিষয়টি তো রয়েছে। তারা পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করেননি।
 
অপরদিকে বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেছিলেন, ইউনূস সেন্টারের পক্ষ থেকে ২৪ জুলাই পুলিশকে এ সম্মেলনের কথা জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। তাই সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।
 
ইত্তেফাক/আনিসুর