রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কাছে তুরাগ নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকাটির তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
এই তিনজন হলেন- কলেজ ছাত্রী রূপা (১৮), তার ভাগ্নে শাওন (১২) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। গতকাল শুক্রবার রাত ৭ টা ৫০ মিনিটে তুরাগ নদীতে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাত সাড়ে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। রাত সাড়ে ১২টা থেকে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার আবার উদ্ধার অভিযান চালানো হবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা নিজাম জানান, সন্ধ্যার পর একটি যাত্রীবাহী নৌকা তুরাগে ঢুবে যায়। এতে ১৩ জন যাত্রী ছিলেন। দশজন সাঁতরে তীরে আসেন। এখনও অন্তত তিনজনকে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, চার ডুবুরি প্রায় তিনঘণ্টা খুঁজেছেন। তবে কাউকে উদ্ধার করা যায়নি। শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
ইত্তেফাক/কেকে
