অবশেষে মুক্তি পেলেন পুলিশের ভুলে জেলে যাওয়া যশোরের রেখা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:১১

যশোর অফিস

পুলিশের ভুলে সাজাপ্রাপ্ত আসামির বদলে যশোরে জেলে যাওয়া নারী অবশেষে আদালতের আদেশে মুক্তি পেয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি শিরিন বেগমের পরিবর্তে কারাগারে পাঠানো নিরপরাধ রেখা খাতুনকে বৃহস্পতিবার মুক্তির আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক নাজির আহমেদ এই আদেশ দেন। গত ২০ মার্চ রেখাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতের আদেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রেখা খাতুনকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিরাপরাধ রেখা খাতুন ঝিনাইদহ শহরের শহীদ মশিউর রহমান সড়কের বাসিন্দা লাল্টু শেখের মেয়ে। রেখা শহরের চাঁচড়া ইসমাইল কলোনির শহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আর মাদক মামলায় সাজাপ্রাপ্ত শিরিন বেগম শহিদুলের প্রথম স্ত্রী এবং বর্তমানে বিদেশে রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশ রেখাকে গ্রেফতার করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ মার্চ কোতয়ালি থানা পুলিশ শহরের রায়পাড়া এলাকা থেকে রেখা খাতুনকে শিরিন বেগম হিসেবে গ্রেফতার করে। ওইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত রেখা খাতুন, ‘শিরিন বেগম নয়’, দাবি করে ২৪ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে আবেদন করেন আইনজীবী আব্দুস সহিদ। বিচারক শুনানি শেষে বিষয়টি পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। পুুলিশ সুপারের পক্ষে তদন্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বলেন, পূর্বে শিরিন বেগম হিসেবে পাঠানো নারীকে (রেখা খাতুন) আদালতের নির্দেশে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছে।