উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা চীনের

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:১৯
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার আহবান জানিয়েছে চীন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করায় চীন উত্তর কোরিয়ার নিন্দা জানাচ্ছে।’
IMG0
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জেং বলেন, ‘বেইজিং জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে এবং পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কর্মকাণ্ড চালানো বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে।’ তিনি বলেন, ‘একই সময়ে চীন আশা করছে, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযত ও আগ্রাসনমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে ও এ উপদ্বীপের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একসঙ্গে কাজ করবে।’
IMG1
এদিকে উত্তর কোরিয়ার শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ওয়াশিংটন, টোকিও, সিউল ও ইউরোপীয় ইউনিয়ন দ্রুত এর নিন্দা জানিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু