গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
উপজেলার ষোলটাকা ইউপির ভোলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের রাস্তার পাশে শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলা হয়েছে। শতবর্ষী বটগাছটি সরকারি রাস্তার পাশে হলেও এটি ব্যক্তি মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, এই গাছ আমি ৫-৬ বছর আগে মসজিদ কমিটিকে দান করি। কিন্তু তারা দীর্ঘদিনেও গাছটি কেটে নিতে পারেননি। এদিকে গাছটির কারণে আমার ঘরবাড়ি নষ্ট হচ্ছে। আমি বাড়িঘর নির্মাণ করতে পারছি না। তবে তিনি গাছ কাটেননি বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভূমি অফিসের (সার্ভেয়ার) আমিন সরেজমিনে গিয়ে পরিমাপ করে গাছটি সরকারি (রাস্তার গাছ) বলে রিপোর্ট দিয়েছেন এবং কর্তনকৃত গাছ জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের দায়িত্বে রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয় জরিপকারী আমিন গাছটি ব্যক্তি মালিকানা জায়গায় বলে মন্তব্য করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সার্ভেয়ার ও স্থানীয় আমিনকে নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান করা হবে।
