যশোরের সাবেক ডিসির জনপ্রশাসন পদক লাভ নিয়ে প্রশ্ন

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৬:৫৯
যশোরের সাবেক জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরের লিগ্যাল এইড বিষয়ে জনপ্রশাসন পদক লাভ করা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
শনিবার যশোর জেলা জজ কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একটি কর্মশালায় মাগুরার জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান এ প্রশ্ন উত্থাপন করেন। 
 
তিনি বলেন, ‘আমি তিন বছর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে আমন্ত্রণ জানিয়েও এখানকার (যশোরের) বিদায়ী জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরকে লিগ্যাল এইড কমিটির কোনো সভায় কিংবা লিগ্যাল এইড দিবসের কোনো অনুষ্ঠানে তাকে কিংবা তার কোনো প্রতিনিধিকে পাইনি। তাহলে কিভাবে তিনি এই পুরস্কার অর্জন করলেন? পুরস্কার কিংবা তিরস্কার যা কিছু প্রাপ্য তা লিগ্যাল এইড কমিটি বা কমিটির চেয়ারম্যানের প্রাপ্য।’ 
 
রাইটস যশোর আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম। মাগুরার জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান কর্মশালাটি সঞ্চালনা করেন। 
 
জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ জজ নিতাই চন্দ্র সাহা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জজ (জেলা জজ) অমিত কুমার দে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম পিটু, অ্যাডভোকেট দেবাশীষ দাস, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। 
 
 
ইত্তেফাক/ইউবি