আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি বলেন, যতোই চেষ্টা করুক, বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টি করার মত ক্ষমতা বিএনপির নেই। বিশৃংখলা সৃষ্টি করে নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপি নেই। তাই শেখ হাসিনার অধীনেই তাদের নির্বাচনে যেতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, সমাজসেবা অধিদফতরের সুফলভোগীদের উদ্দেশে শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি করার কোন অধিকার নেই। বিএনপি তারা ক্ষমতা আসলে দেশের অসহায় মানুষের কথা ভুলে যায়। ভোট নেয়ার আগে তারা দেশের অসহায়, গরিব, দুঃখী মানুষকে বিভিন্ন প্রকারের মিথা প্রলোভন দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় আসার পর ভোটারদের উপর শুরু করে নানা ধরনের নির্যাতন। বিএনপিকে ভোট দিয়ে দেশের মানুষ আর ভুল করবে না।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সহ-সভাপতি সাংসদ বেগম আকতার জাহান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনলি কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
