‘দেশের সংকটময় পরিস্থিতিতে সাহসী ভূমিকা রাখে ছাত্রলীগ’

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২০:২৬
কেবল আন্দোলন-সংগ্রামেই নয়, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সাহসী ভূমিকা রেখে আসছে ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ হচ্ছে মেধাবীদের ছাত্রসংগঠন। জাতির পিতার আদর্শেই এ সংগঠন পরিচালিত হয়। দেশরত্ম শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ছাত্রলীগই সক্রিয় ভূমিকা রাখবে। 
 
শনিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ সব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। 
 
খুলনা মহানগরীর হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা  সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমূখ। এতে সভাপতিত্ব করেন আরাফাত হোসেন পল্টু, সঞ্চলনা করেন মুশফিকুর রহমান সাগর।
 
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেনকে আগামী ১ বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন দেন। 
 
সোহাগ বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে। তার প্রতিটির পেছনে প্রথম সারিতে থেকে সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্রলীগ। শুধু তাই নয়, বন্যা, ঘুর্নিঝড়, জলচ্ছ্বাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে রান্না করা খাবার বিতরণ, অসহায় কৃষকদের ফসল কেটে ঘরে তোলা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান, ভাঙাচোরা সড়ক সংস্কার ও মেরামত কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছে ছাত্রলীগ। 
 
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগকে আরো সংগঠিত হতে হবে। দেশরত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এজন্য পড়াশোনা করে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। কারণ পরিচ্ছন্ন ও মেধাবীদের স্থান এই ছাত্রলীগ। ছাত্রলীগকে যেন কেউ কলুষিত করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
 
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ হচ্ছে সবৃৎকৃষ্ট ছাত্রসংগঠন। বাংলাদেশে যত ছাত্রসংগঠন আছে। ইতিহাসের পাতায় একমাত্র ছাত্রলীগের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কারণ ছাত্রলীগ এদেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রসংগঠন। ছাত্রলীগ সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে কাজ করে আসছে।
 
তিনি বলেন, ছাত্রলীগ হচ্ছে মেধাবীদের ছাত্রসংগঠন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভাল ও সাহসী ছাত্রটিই হবে ছাত্রলীগের নেতা। ছাত্রলীগ আমাদের প্রাণের সংগঠন। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দলকে আবারও ক্ষমতায় আনতে এখন থেকে পাড়ায়-মহল্লায় কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি।
 
ইত্তেফাক/ইউবি