মির্জাপুরে ৩৫ গ্রামীণ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ০১:২০

মির্জাপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৩৫টি গ্রামীণ আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে চলাচলের ক্ষেত্রে এলাকার লোকজনকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দীর্ঘদিনেও এ সড়কগুলো পাকা না হওয়ায় এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বেশ কিছু আঞ্চলিক সড়কের কয়েক কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হলেও গ্রামের ভেতরের রাস্তাগুলোর খুবই নাজুক অবস্থা। বিশেষ করে একটু বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু পানি ও কাদায় ভরে চলাচলের অনুপযোগী হয়ে উঠে। যুগ যুগ ধরে রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা হলেও প্রশাসনের তেমন নজরদারী নেই।

এদিকে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, নির্বাচন এলেই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা রাস্তার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হন। কিন্তু নির্বাচন শেষ হলে উন্নয়নের জন্য তাদরে কোনো ব্যস্ততা নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেনের সার্বিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়কের উন্নয়ন হয়েছে। যেগুলোর উন্নয়ন হয়নি সে রাস্তাগুলোর প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত উন্নয়ন করা হবে।

ইত্তেফাক/নূহু