স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে সেমিনার

৫৭ ধারা বাতিলের দাবি সম্পাদক নইম নিজামের

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৩:০৪
 
আলোচিত ৫৭ ধারার সমালোচনা করে তা বাতিলের দাবি জানিয়েছেন দেশের প্রতিথযশা সাংবাদিক ও সম্পাদক নইম নিজাম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রামু বা ব্রাহ্মণবাড়িয়ার মত ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় আইন থাকা উচিত বলেও মত তার।
 
শনিবার সকালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ‘দি প্রেজেন্ট স্টেট অব জার্নালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে নইম নিজাম এসব কথা বলেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমসমূহকে সবসময়ই চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করতে হয়। সব ধরনের সমস্যা ও সংকট মোকাবেলায় গণমাধ্যম কর্তৃপক্ষ ও সাংবাদিকদের আরো পেশাদারি ভূমিকা পালনের আহবান জানান নইম নিজাম। তিনি বলেন, সব প্রতিকূলতার মাঝেও সাংবাদিক ও গণমাধ্যমকে জনগণের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে।
 
সেমিনারের বক্তব্য শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নইম নিজাম। তিনি বলেন, গণমাধ্যমের পথচলা কখনই মসৃণ নয়। তার আশা, এসব চ্যালেঞ্জকে সামনে রেখেই আগামী প্রজন্ম সাংবাদিকতা পেশায় আসবে। এসময় দেশের সাংবাদিকতা শিক্ষাকে আরো আধুনিক ও প্রশিক্ষণ নির্ভর করার কথা বলেন তিনি।
 
সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ আয়োজিত এই সেমিনারে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম, উপ-উপাচার্য কে মওদুদ এলহী, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আনিসুর