সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মজনু বাহিনীর প্রধান নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৮:২৬
 
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান আব্দুর রউফ ওরফে রফুজ নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সুন্দরবনের কালাবগি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) -৬ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সুন্দরবনের কালাবগির আরবেনিয়া খালের পূর্ব পাড়ে বনদস্যুদের একটি ঘাঁটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে সকাল ৯ টা ২৫ মিনিটে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। প্রায় ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এ সময় বনদস্যু আব্দুর রউফ ওরফে রফুজ গুলিবিদ্ধ এবং র‌্যাবের এএসআই মিরাজুল ইসলাম ও কনস্টেবল কাউসার আহত হন।  
 
আহত রউফকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি একনলা রাইফেল, ৯ রাউন্ড রাইফেলের গুলি,৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ টি খোসা, একটি ৩ ফুট লম্বা রামদা ও একটি তরবারি উদ্ধার করেছে র‌্যাব। 
 
উল্লেখ্য, সুন্দরবনের বনদস্যু মজনু বাহিনী আত্মসমর্পনের পর রউফ মজনু বাহিনীর নামে চাঁদা আদায় ও বনজীবীদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছিল। 
 
ইত্তেফাক/কেকে