‘ওয়াও’ ফেস্টিভ্যালে নারীর জয়গান

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকায় প্রথমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’- ওয়াও ফেস্টিভ্যাল। নারী ও কিশোরীদের ক্ষমতায়নের অগ্রগতিতে বৈশ্বিক আন্দোলন সৃষ্টিতে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ওয়াও ফাউন্ডেশনের অংশীদারিত্বে এ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। বাংলা একাডেমিতে গতকাল শুক্রবার শুরু হয় দুইদিনব্যাপী এ ফেস্টিভ্যাল।

ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি সিবিই এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন।

ডা. দীপু মনি বলেন, ‘বাংলাদেশে জেন্ডারসমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের মূলে রয়েছে নারী ও কিশোরীদের অগ্রগতি। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডারসমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিশেষ জোর দিচ্ছে। আমরা আশা করি এরকম একটি ফেস্টিভ্যাল প্ল্যাটফর্ম বাংলাদেশের নারী ও কিশোরীদের জীবনে গঠনমূলক পরিবর্তন আনবে।’

জুড কেলি বলেন, বাংলাদেশ ওয়াও ফেস্টিভ্যাল শুরু করা অত্যন্ত সময়োপযোগী একটি আয়োজন। কেননা, নারীদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল। নাটক, গান, শিল্প, গল্প ও আলোচনার সুযোগ তৈরির মাধ্যমে ওয়াও নারীদের নিজেদের গল্প সবার সামনে তুলে ধরতে ও সমমনা সকলের সঙ্গে এক কণ্ঠে আওয়াজ তোলার সুযোগ তৈরি করে দেয়।

ফেস্টিভ্যালে সামাজিক প্রথা, নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষ ও পুরুষত্ব এবং নারীবাদের মতো বিষয়ের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। যা চলবে আজও। সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের উন্নতির পথে তারা যে বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হয় এ বিষয়ের ওপর বিভিন্ন কর্মশালাও অনুষ্ঠিত হচ্ছে এ ফেস্টিভ্যালে। এছাড়াও, ফেস্টিভ্যালে ২০টি বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা, গল্প বলাসহ বিভিন্ন নারীদলের পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়াও অংশগ্রহণকারীরা উপস্থিত বিভিন্ন বিশেষজ্ঞের কাছ স্পিড মেন্টরিং সেশনে অংশগ্রহণ করবার দুর্লভ সুযোগ পাবেন।

সব ওয়াও ফেস্টিভ্যালেই নারী ও কিশোরীদের অর্জনসমূহকে স্বীকৃতি দেওয়ার যে ধারাবাহিকতা সেটি অক্ষুণ্ন আছে ওয়াও ঢাকা ফেস্টিভ্যালেও। এ উত্সবে আয়োজিত আন্তঃসাংস্কৃতিক সংলাপের মাধ্যমে নারী ও কিশোরীদের সম্ভাবনার পথে বাধা সম্পর্কে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা তৈরি ও সংকটগুলো নিরসনে সৃজনশীল সমাধান খুঁজে বের করার পথে সহায়ক হবে বলে মনে করে আয়োজকরা।

ফেস্টিভ্যালে প্রাণবন্ত মেলারও আয়োজন করা হয়েছে যেখানে নির্বাচিত নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির পাশাপাশি নারীদের মাঝে সচেতনতা তৈরি ও জেন্ডারসমতা আনয়নে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। ‘ওয়াও ঢাকা ২০১৯’ ফেস্টিভ্যালে আগত দর্শনার্থীদের জন্য পুরো উত্সবজুড়ে রয়েছে নির্বাচিত চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পারফরম্যান্স আর্ট, শিশুদের জন্য আন্ডার টেন’স ফেমিনিস্ট কর্নার ও পূর্ণাঙ্গ মঞ্চনাটক পরিবেশনা।