গলায় ছুরিকাঘাত করে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর রামপুরায় গলায় ছুরিকাঘাত করে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম শাহারিয়া হাসান সোহাগ। গতকাল শুক্রবার ভোরে নিজের কক্ষে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, সোহাগ ইয়াবার নেশায় আসক্ত ছিলেন। তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিত্সাও দেওয়া হয়েছে। তারপরও তিনি নেশা ছাড়েননি। আসক্ত হয়ে এর আগেও একবার হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সোহাগ।

সোহাগের বোন সুমাইয়া আক্তার জানান, তাদের বাবার নাম সৈয়দ ছামিউল্লাহ। পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১২০ নম্বর হোল্ডিংয়ের বাড়িটি তাদের। সোহাগ ওই বাড়ির তিনতলায় থাকতেন। নিজের রুমে সোহাগ শুক্রবার ভোররাতে গলায় নিজেই ছুরিকাঘাত করেন। পরে তার চিত্কার শুনে রুমে গিয়ে সোহাগকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ওসি বলেন, পরিবার থেকে এ মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পুলিশ সোহাগের মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করিয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে মামলায় পরিবর্তন করা হবে।