কাওরান বাজারে মার্কেটে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

কাওরান বাজারের কাব্বুকস হার্ডওয়্যার মার্কেটে গতকাল শুক্রবার আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গতকাল বেলা ১১টা ৪৮ মিনিটে ৯তলা বিশিষ্ট ওই মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বেলা ১২টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণরুপে নেভানো হয়। কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তিনি আরো বলেন, আগুনে ওই মার্কেটের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে দমকল কর্মীদের তত্পরতায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।