মেজর জিয়াউদ্দিনকে শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০২:৫৫

কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষ শেষ শ্রদ্ধা জানালেন অকুতোভয় মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে। একাত্তরে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। রবিবার বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আনা হলে সর্বস্তরের মানুষের ঢল নামে। শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শুরুর আগে মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের এই সাব-সেক্টর কমান্ডারকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল জাতীয় পতাকায় মোড়ানো এই মুক্তিযোদ্ধার কফিনের সামনে গার্ড অব অনার প্রদান করেন।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বিকাল ৩টার দিকে জিয়াউদ্দিনের কফিন আনা হয় শহীদ মিনারে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই অনুষ্ঠানে মেজর জিয়াউদ্দিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সেক্টর কমান্ডার্স ফোরাম, জাসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গত শুক্রবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন জিয়াউদ্দিন আহমেদ। শনিবার রাতে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে তাঁর মরদেহ রাখার পর সকালে নেওয়া হয় ধানমন্ডির বাসায়।

এদিকে, মেজর জিয়াউদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসায় যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে তাঁর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুর নেওয়া হবে।

পিরোজপুর অফিস জানায়, আজ পিরোজপুরে মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার পাশে দাফন করা হবে। তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমে পিতার নামে তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজ, পাড়েরহাট সড়কের বাসভবন, তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হবে। এসব কর্মসূচি সফল করতে পিরোজপুরের পৌর মেয়র মো. হাবুিবর রহমান মালেকের নেতৃত্বে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পিরোজপুরসহ বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, গোপালগঞ্জ জেলাসহ দক্ষিণাঞ্চল থেকে মেজর জিয়ার হাজার হাজার শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা জানাজায় অংশগ্রহণসহ মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ পিরোজপুরে সমবেত হবেন। তাঁর জানাজায় মরহুমের ভাইয়ের ছেলে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।

ইত্তেফাক/নূহু