ময়মনসিংহ সিটি নির্বাচন

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:৩১

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন সাবেক পৌর মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু। শুক্রবার সন্ধ্যায় দলীয়ভাবে তার মনোনয়ন চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মেয়র পদে স্থানীয়ভাবে নাম চাওয়া হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ মোট ৬ জনের নাম পাঠায়। এ ৬ জনের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটুর নামও ছিল। দলীয় সূত্র জানায়, স্থানীয় জনমত এবং ভোটারদের প্রত্যাশার বিষয়টি আওয়ামী লীগ দলীয় প্রধান এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিবেচনায় ছিল। সেদিক থেকে সাবেক মেয়র  ইকরামুল হক টিটুর নামই বেশি আলোচনায় ছিল। গুঞ্জন ছিল শেষ পর্যন্ত সাবেক মেয়র টিটুই মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।