পাবনা পৌর সদরের দিলালপুর বেলতলা সড়কে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।
নিহত যুবকের নাম এস এ রায়হান তন্ময় (২৭)। তিনি শহরের দিলালপুর বেলতলা রোড এলাকার এ এ জিয়াউল কাবির রিন্টুর ছেলে। আহত রানা আহমেদ (২৫) রাধানগর মহল্লার আব্দুল মজিদের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাত ১০টার দিকে দিলালপুর বেলতলা সড়ক দিয়ে যাচ্ছিলেন তন্ময় ও রানা। এসময় তাদের এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তন্ময়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। রাজশাহী যাওয়ার পথে রাত ১২টার দিকে মারা যায় তন্ময়।
ওসি আরও জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ধারণা, পূর্ব কোনো বিরোধের জেরে তাদের ওপর হামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
