যার জন্য ঘর ভাঙলো

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:৩৭

বিশ্বের শীর্ষ ধনী অনলাইন মার্কেট প্লেস ‘অ্যামাজনের’ প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাকেনজি রেকর্ড পরিমাণ অর্থে বিবাহ বিচ্ছেদে রাজি হয়েছেন। গত বৃহস্পতিবার তারা বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ঘোষণাও দিয়েছেন, যদিও এই বিবাহ-বিচ্ছেদ আদালতে অনুমোদন পেতে সময় লাগবে আরো ৯০ দিন। কিন্তু বেজোস-ম্যাকেনজিকে ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন বেজোসের ‘গার্লফ্রেন্ড’ লরেন সানচেজ (৪৯)। সানচেজের আসল বয়স কত কিংবা সত্যিই তিনি বেজোসের গার্লফ্রেন্ড কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। বিলিওনিয়ার ক্লাবে এক নম্বরে থাকা ব্যবসায়ী জেফ বেজোসের সাথে সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসার সাথে সাথে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শিরোনাম হচ্ছেন তিন সন্তানের জননী লরেন সানচেজ।

জানুয়ারিতে সানচেজের সাথে বেজোসের ব্যক্তিগত বেশ কিছু ছবিকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ম্যাকেনজির সাথে সম্পর্কের অবনতি হয় বেজোসের। এরপর দুইজনের সম্পর্ক বিবাহ বিচ্ছেদে গড়ায়। অন্যদিকে ঠিক একই সময়েই নতুন প্রেমিকা লরেন সানচেজের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে থাকে। যদিও তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দেন বেজোস-সানচেজ। তবে তাদের দুই জনের মধ্যে ঠিকই নিয়মিত যোগাযোগ হয়। ফোনে একে অন্যের সাথে আলাপ করেন। একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দিলেও জানুয়ারির শেষ দিকে টেক্সাসে তাদের দুইজনের অভিসারের কথা ঠিকই ফাঁস হয়ে যায়।    

এ বছরের জানুয়ারিতে জেফ বেজোস এবং লরেন সানচেজের মধ্যে প্রথম আলাপ হয়। তাদের দুইজনের মধ্যে এই আলাপের কাজটি করিয়ে ছিলেন সানচেজের স্বামী, হলিউডের অন্যতম শক্তিশালী ব্যক্তিদের একজন প্যাট্রিক হোয়াইটসেল। এর কিছুদিন পরই স্বামী হোয়াইটশেলের থেকে আলাদা হন সানচেজ। এরপর জেফ বেজোসের স্পেস কোম্পানি ‘ব্লু অরিজিন’ এ কাজ করার সুবাদে পরস্পরের কাছাকাছি আসেন বেজোস-সানচেজ। ধারণা করা হচ্ছে, সানচেজের সাথে বেজোসের ছবিগুলো জনসমক্ষে আসার ঘটনাকে কেন্দ্র করেই সাবেক স্ত্রী ম্যাকেনজির সাথে বিচ্ছেদ চুক্তি পাকাপোক্ত করেছেন বেজোস।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লস এঞ্জেলস টিভি দর্শকরা সানচেজকে দেখেছেন ফক্স’স গুড ডে লা’তে সহ-আয়োজক হিসেবে। এক সময়ে বিনোদন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। সানচেজ একজন যোগ্যতা সম্পন্ন হেলিকপ্টার পাইলটও। হলিউডের সাংবাদিকদের তথ্য মতে, ক্রিস্টোফার নোলান’স ডুনকির্ক-এ একজন পরামর্শক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।-দ্য সান ও দ্য ডেইলি মেইল