বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জামায়াতের সাথে নতুন করে আত্মীয়তা করে কাছে টানার জন্য জোরেশোরে চেষ্টা করছে। সরকার একদিকে বিএনপিকে জামায়াত ছাড়ার কথা বলছে অন্যদিকে গোপনে জামায়াতকে পাশে চাচ্ছে। তারা জামায়াতকে বলছে তোমরা বিএনপির সাথে থাকবে কেন? আমরাতো আছি। আমাদের সাথে আসো।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাইবার দলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, আজকে যদি ঘোষণা আসে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, তাহলে ৩০০ আসনে আওয়ামী লীগের টিকিট কেনার লোক পাওয়া যাবে না। কারণ তারা জানে তারা নির্বাচনে হেরে যাবে।
তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। আমরা নির্বাচনের জন্য সদা প্রস্তুত। চাইলে এখনই ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারবো। তবে শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাবো না।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। কারণ তার আশপাশে যারা আছে, তারা করতে দেবে না। তারা জানে ক্ষমতায় আসতে না পারলে তাদের কি হবে।
ইত্তেফাক/এএম।
