ধর্ষিতাকে বিয়ে করলে ধর্ষকের শাস্তি এড়ানোর আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন জর্ডানের এমপিরা। জর্ডানের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়।
তবে এটা কার্যকর হবার আগে এর পক্ষে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং বাদশার অনুমোদন প্রয়োজন। মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ আইনটি বাতিলের জন্য আন্দোলন করছিলেন। কিন্তু এর পক্ষের লোকেরা বলছিলেন, এর ফলে নারীদেরকে সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে।
এ আইনে অনুযায়ী ধর্ষক ধর্ষণের শিকারকে বিয়ে করলে মামলা তুলে নেয়া যেতো। তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে না, এমন বিধানও ছিল। আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকার গোষ্ঠীগুলো আনন্দ প্রকাশ করেছে। তারা একে নারী আন্দোলনের বিজয় হিসেবে দেখছেন।
জর্ডান ছিল এমন অল্প কয়েকটি দেশের একটি যাতে এ ধরণের আইন রয়ে গিয়েছিল। কিছুদিন আগে তিউনিশিয়া ধর্ষণ সংক্রান্ত এ ধরনের আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কার প্রক্রিয়া চলছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যেসব দেশে এরকম আইন আছে সেগুলো হল আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সিরিয়া ও ফিলিস্তিন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
