ফতুল্লা থানার পাগলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালনাধীন ভাসমান রেস্তোরাঁ মেরি এন্ডারসনে মদ বিয়ার উদ্ধারের ঘটনায় ক্রীড়া সংগঠক তানভীর আহমেদ টিটুর নাম জড়ানোর প্রতিবাদে এটাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে এর পেছনের ঘটনার তদন্ত চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও খেলোয়াড়রা। যুক্ত বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘জাতীয় ক্রিকেটে নারায়ণগঞ্জের অবদান অনস্বীকার্য। নারায়ণগঞ্জে বর্তমান ক্রীড়াঙ্গন টিকিয়ে রাখার ক্ষেত্রে যাঁর নাম সবার আগে চলে আসে তিনি হলেন তানভীর আহমেদ টিটু। কোনো বিশেষ উদ্দেশ্যে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করতেই টিটুকে বিভিন্ন ইস্যুতে জড়ানো হচ্ছে।’ গতকাল শুক্রবার ওই বিবৃতি দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক ফারুক হোসেন, আতাহার আলী খান, আকরাম খান, হাবিবুর বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন ও শাহরিয়ার হোসেন বিদ্যুত্।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু বিবৃতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা নিজেরাও টিটু সম্পর্কে প্রশাসনের এমন বক্তব্যে হতবাক। জাতীয় দলের এক সময়ের ঝান্ডা বহনকারী এই দেশসেরা ক্রিকেটাররা বলেছেন, অচিরেই এর সুরাহা হওয়া উচিত এবং প্রশাসনকে ভুল স্বীকার করতে হবে। নতুবা প্রয়োজনে তাঁরা রাস্তায় নামবেন।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি তানভীর আহমেদ টিটু বর্তমান থাইল্যান্ডে আছেন ক্লাবের একটি ক্রিকেট টিমের সঙ্গে। গত ১ এপ্রিল মদ বিয়ার উদ্ধারের পর সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তানভীর আহমেদ টিটুর সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাবসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে মদ ও বিয়ার এনে মেরি এন্ডারসনে বিক্রি হতো।
৪২টি ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি কাল
ফতুল্লার পাগলায় মেরি এন্ডারসনে মদ ও বিয়ার উদ্ধারের ঘটনায় ক্রীড়া সংগঠক তানভীর আহমেদ টিটু ও শহরের দেওভোগে শিশু সাদমান সাকি অপহরণের ঘটনায় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলকে জড়ানোর প্রতিবাদে সভা করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে চেম্বারের সভাপতি বলেছেন, রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। তারপরও বিষয়টি নিষ্পত্তি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ বুধবার বিকালে ৯টি জাতীয়ভিত্তিক ব্যবসায়ী সংগঠন এবং ৩৩টি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টিটু ও সজল দুজনই নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক। প্রতিবাদ সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনকে এসকল ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার কাজল বলেন, যাদের নিয়ে এসকল অপপ্রচার ছড়ানো হচ্ছে তারা খুবই ভালো মানুষ। তানভীর আহমেদ টিটু কখনোই মাদকের সাথে সম্পৃক্ত হতে পারে না। একই সাথে নাজমুল আলম সজল শিশু অপহরণের সাথে জড়িত হতে পারে না।
