পর্যাপ্ত শক্তি নিয়েই এবার মাঠে নামব — ড. মঈন খান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দিন-তারিখ দিয়ে কোনো আন্দোলন হয় না। আমরা মানুষের কাছে যাচ্ছি। তাদের আন্দোলনের জন্য প্রস্তুত করছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্য পুরোপুরি প্রস্তুতি ও পর্যাপ্ত শক্তি নিয়েই আমরা মাঠে নামব।

গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুচিকিত্সা ও মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম। এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন—বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।