ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘এডভান্সড সেন্টার অফ কিডনী এন্ড ইউরোলজি’ বিভাগের উদ্যোগে ‘কিডনী এবং ইউরোলজি চিকিৎসা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক ইত্তেফাকের মজিদা বেগম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে দেয়া বক্তব্যে হাসপাতালের এডভান্সড সেন্টার অফ কিডনী এন্ড ইউরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘কিডনী রোগ থেকে বাঁচার প্রথম পথ সচেতনা। নিয়মিত পরীক্ষা না করলে এই রোগ ধরা যায়না। এটা নীরব ঘাতক।’
IMG0
সোহরাব হোসেন জানান, তাদের প্রতিষ্ঠানে কিডনীর এডভান্সড চিকিৎসা শুরু হয়েছে। এখানে বিনা অপারেশনে লেজারের সাহায্যে পোস্টেড অপারেশন করা হয়। একইসঙ্গে কিডনীর টিউমার এবং পাথরের অপসারণ করা হয়। কিডনীর মতো প্রাণঘাতি সমস্যার বিরুদ্ধে সচেতনা তৈরিতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন সোহরাব হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডা. ফজল নাসের।
সচেতনমূলক এই সেমিনার আয়োজনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। সেমিনারে ইত্তেফাকের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এর আগে গত ২৯ জুলাই দৈনিক ইত্তেফাকের ১৪০ জন কর্মীর কিডনী পরীক্ষা করে হাসপাতালের ‘এডভান্সড সেন্টার অফ কিডনী এন্ড ইউরোলজি’ বিভাগ।
ইত্তেফাক/এএম
