আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত ও লাঞ্ছিতের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে এবার আমরণ অনশনে বসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পঞ্চম দিন বৃহস্পতিবার বেলা ১১টায় তারা আমরণ অনশনে বসেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা রেজিস্ট্রারের পদত্যাগ এবং সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচিতে অংশ নেয় আইন বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে পরিস্থিতি সামলাতে বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস হয়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় গত বুধবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়। শিক্ষার্থীরা এ কমিটিও প্রত্যাখ্যান করে।
আইন বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছনার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।
শিক্ষার্থী কামরুন নাহার ডানা বলেন, আমাকে শারীরিভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি এর বিচার চাই। রেজিস্ট্রারের লোকজন আন্দোলনকারী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের বিরুদ্ধে অভিযোগ আনার পর গত রবিবার থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারহান চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষকতা করছিলেন। তার দাবি, চুক্তির মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত হলেও মেয়াদ শেষের আগেই তাকে চাকরিচ্যুত করে নোটিশ দেয়া হয়েছে। এর প্রতিবাদ করলে তার ওপর হামলা হয়।
ইত্তেফাক/ইউবি
