তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বহুল আলোচিত নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ নির্বাচনের বদলে সমঝোতায় নেতৃত্ব মনোনয়ন করা হয়। এবারও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও ‘স্বাধীনতা পরিষদ’ নামে সদস্যদের একটি পক্ষ নির্বাচনের দাবিতে অনমনীয় থাকায় অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জানা গেছে, ৩৫ জন পরিচালক নিয়ে গঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদ। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের জন্য লড়বেন ৪৪ প্রার্থী। এর মধ্যে মোহাম্মদী গ্রুপের প্রধান রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরামের ২৬ জন, ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ প্যানেলের ১৭ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন।
সম্মিলিত ফোরামের নেতা রুবানা হক তার প্যানেলের জয়ের বিষয়ে আশা প্রকাশ করে গতকাল ইত্তেফাককে বলেন, আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলেই অত্যন্ত ইতিবাচক।
স্বাধীনতা পরিষদ প্যানেলের দলনেতা জাহাঙ্গীর আলম বলেন, আমরা যেহেতু ভোটের ব্যবস্থা করেছি, সেজন্য সদস্যদের ভোট আমরা পাবো বলে আশা করছি। তবে ফল যা-ই হোক, তা মেনে নেব।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫। নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। আগামী ৯ এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আর ১৮ এপ্রিল সভাপতিসহ পরিচালনা পর্ষদ নির্বাচিত হবেন। ২১ এপ্রিল দায়িত্ব হস্তান্তর হওয়ার কথা রয়েছে।
অতীতে বিজিএমইএর নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। সর্বশেষ ২০১৫ সালে ভোটাভুটির বদলে উভয় প্যানেলের সমঝোতার মাধ্যমে সভাপতি হন সিদ্দিকুর রহমান। অবশ্য ভোটের বদলে সমঝোতায় নেতৃত্ব ঠিক হওয়ায় সদস্যদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
