জাবিতে ৪র্থ দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২১:৩৩
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তবে উপাচার্যের আলোচনার আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ শিথিল করে শিক্ষার্থীরা।
 
উপাচার্য জরুরি মিটিং শেষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ভবনের সামনে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা চলছিল।
 
তবে আলোচনার মাধ্যমে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত না হলে আবারো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার বাইরে রাজপথে অবস্থানকে লজ্জাজনক মনে করে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকদের একাংশ। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একাই প্রতীকী অবস্থানে বসেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। এরপর অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও অধ্যাপক শামীমা সুলতানা তার সাথে সংহতি জানান।
 
এ বিষয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় জানান, আমাদের মামলা প্রত্যাহারের বিষয়ে সময় না দিলে আমরা কিভাবে তা করবো। মামলা উঠিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। আমরা তা অনুসরণ করেই আগাচ্ছি। কিন্তু তোমরা তো আমাদের সময় দিতে চাচ্ছো না। এদিকে আলোচনায় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না নিলে আবারো আমরণ অনশনে যাবেন বলে জানান ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম।
 
প্রসঙ্গত, ২৬ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় ৫৬ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে একের পর এক আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/জামান