রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এবার আসন্ন ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি হবে। এছাড়া চলতি মাসেই চালু হবে রেলওয়ে অ্যাপস, ফলে ঘরে বসেই টিকিট কাটা যাবে বলেও তিনি জানান। গতকাল শুক্রবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কমলাপুর রেল স্টেশনের পরিচ্ছন্নতাসহ সার্বিক অবস্থা পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগের কথা শোনেন। এসময় রেলপথ মন্ত্রী পহেলা বৈশাখ থেকে ঢাকা-রাজশাহী রুটে ননস্টপ নতুন ট্রেন চালুর কথা জানান।
রেলপথ মন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই রেলওয়ে অ্যাপস চালু হতে যাচ্ছে। এ অ্যাপ চালু হলে রেলওয়ে যাত্রী সেবায় আমূল পরিবর্তন আসবে। তখন যাত্রীদের আর স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে না। অ্যাপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সাধারণ যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি নিয়ে টিকিট সংগ্রহ করতে হবে না।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, পহেলা বৈশাখে আমরা ঢাকা-রাজশাহীর মধ্যে একটি বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছি। ইন্দোনেশিয়া থেকে কোচ আনা হয়েছে, সেগুলো সংযোজন করা হবে ট্রেনটিতে। ট্রেনটি বিরতিহীন হওয়ায় খুব অল্প সময়ে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী আসা-যাওয়া করতে পারবেন যাত্রীরা।
রেলপথ মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি ট্রেন চুক্তিভিত্তিক বেসরকারিভাবে পরিচালনা করা হচ্ছে। তাদের চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন করে আর চুক্তি হবে না। রেলওয়ে থেকেই আমরা ট্রেনগুলো পরিচালনা করব। তিনি আরো বলেন, আগামী এক বছরে ট্রেনে সাড়ে ৫শ বগি, ১শটি ইঞ্জিন এবং ২৫০টি কোচ আসবে। তাছাড়া মিটারগেজ লাইন ধীরে ধীরে বন্ধ করা হবে। সবগুলো লাইন হবে ব্রডগেজ।
ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন: পহেলা বৈশাখে ঢাকা-রাজশাহী রেলপথে চালু হতে যাওয়া নতুন ট্রেনের প্রস্তাবিত নাম ‘হিমসাগর’, ‘রূপসী বাংলা’, ‘বনলতা’, ‘গ্রিনসিটি’। এ থেকে একটি নাম নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলসূত্র জানায়, বর্তমান আন্তঃনগর ট্রেন থেকে অন্তত আড়াই ঘণ্টা কম সময়ে যাতায়াত করবে এটি। প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ এক হাজার ২৮৮ টাকা। সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে বেলা ১১টায়। আর ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে দেড়টায়; গন্তব্যে পৌঁছবে বিকাল সাড়ে পাঁচটায়।
কমলাপুর রেল স্টেশন পরির্দশনকালে রেলপথ মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কমলাপুর রেল স্টেশনের কর্মকর্তারা।
