হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০১:২৪

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের নিজ বাড়িতে দুই বোনকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিতপল্লা-ভাটারা সড়কের পুগলই এলাকায় রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। এতে ওই বিদ্যালয় এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী—শিক্ষক, অভিভাবকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলুফা সুলতানা, সহকারী শিক্ষক রেজাউল করিম, জিয়াউর রহমান, রোকসানা আক্তার, ওয়ারেছ আলী, সুমনুর করিম প্রমুখ।

এদিকে নিহতদের বাবা মালয়েশিয়া প্রবাসী শামীম হোসেন বুধবার রাতে বাড়ি এসে পৌঁছান। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মেয়েদের লাশ নিজ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেন। এর আগে তিনি জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।

দুপুরে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মামলাটি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এখানে ডিবির ওসি জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আটককৃত ৪ সন্দেহভাজনের মধ্যে বিলাস ও ওয়ারেছ আলীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে অনেকেই আমাদের নজরদারির মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে দুই বোন স্কুলছাত্রী ভাবনা খাতুন (১৪) ও নুরুন্নাহার লুবনার (১০) গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু