ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০১:২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিত্সক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরো কঠোর করতে নির্দেশ দিয়ে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিত্সক নিয়োগ দিয়ে সারাদেশের মাঠ পর্যায়ে চিকিত্সক সংকট নিরসন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাবে চিকিত্সা সেবা সংকটের সমাধান সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন। ‘তৃণমূল পর্যায় বিশেষ করে দুর্গম এলাকার মানুষের চিকিত্সা নিশ্চিত করতে হলে চিকিত্সকদেরকে কর্মস্থলে থেকে সেবা দিতে হবে’ একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিত্সকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে। তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেওয়ার জন্য চিকিত্সার সাথে জড়িত চিকিত্সক-নার্স, কর্মচারীদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় হাসপাতালগুলোতে শয্যা প্রতি খাদ্য ও পথ্য সংকটেরও সমাধান করেছে সরকার। ফলে সার্বিক স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিত্সা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু