পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জঙ্গি নির্মূলে শিক্ষার্থী-শিক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যৌথভাবে কাজ করতে হবে। গতকাল শুক্রবার বিকালে মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এরপর তিনি কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা।
পুলিশ মহাপরিদর্শক বলেন, দানবীর রনদা প্রসাদ সাহা কঠোর শ্রম, নিষ্ঠা ও সততা দিয়ে তিলে তিলে এসব প্রতিষ্ঠান গড়ে তুলে গেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার সকল প্রতিষ্ঠান আমাদের মাঝে তাকে স্মরণ করিয়ে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে হোমসের সিনিয়র শিক্ষিকা হেনা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান ও রাজিব প্রসাদ সাহা।
