দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার সকাল ১১টায় জাতীয়তাবাদী যুবদলের কয়েকশ নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিল শেষে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের দাবি উপেক্ষা করে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিত্সার সুযোগ না দিয়ে বরং বারবার বিএসএমএমইউতে চিকিত্সা দেওয়ার নামে তাকে এনে তিনি সুস্থ আছেন বলে মিথ্যার বেসাতি করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়াকে আর কষ্ট দেবেন না, তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন, পছন্দের বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিত্সার সুযোগ দিন।
মিছিলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া একই দাবিতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের একটি বিক্ষোভ মিছিল মগবাজার থেকে শুরু হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়।
