পাটুরিয়া ঘাটে ফেরি স্বল্পতা, যানজট

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:৩১
 
পদ্মায় দ্রুত পানি হ্রাস ও ফেরি স্বল্পতায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পাঁচ/সাতশ' যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার যানবাহন চাপ বেশি থাকায় উভয় ঘাটে আটকে পড়া যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক-মালিক ও সংশ্লিষ্টরা দুর্ভোগ পোহায়।
 
পাটুরিয়া ঘাটে আটকে থাকা কয়েকজন ট্রাক চালক জানান, গাড়ির চাপ বেশি থাকায় ট্রাক পারাপারে বিলম্ব হচ্ছে। এতে ফেরি পার হতে অনেক সময় দুই/তিন দিন লেগে যায়। তারা অভিযোগ করেন, ফেরি পারের সিরিয়াল পেতে বাড়তি টাকা না দিলে নানা ভোগান্তি পোহাতে হয়। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।
 
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, এ সেক্টরে বহরের ১৫টি রো-রো ফেরির মধ্যে তিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এছাড়া, নদীতে নাব্যতা হ্রাস পাওয়ায় ঘুর পথে ফেরি চলাচল করছে। ডুবো চরে আটকে পড়ার আশঙ্কায় ধীর গতিতে ফেরি চালাতে হচ্ছে। সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার এ রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। ফেরি বিকল, নাব্যতা সংকট ও গাড়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ দুটি ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/জামান