গৃহকর্মী লাইলীর ‘মাথা ও গলায় আঘাতের চিহ্ন’

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:০৬
 
রাজধানীর বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলী বেগমের ‘মাথা ও গলায় আঘাতের চিহ্ন’ পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়।
 
বিকালে ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও কালো দাগ রয়েছে।
 
তিনি আরো জানান, ময়নাতদন্তের সময় তার গলার টিস্যু (ভিসেরা), স্পর্শকাতর স্থানের টিস্যু ও ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এসব আলামতের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা।
 
উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ বনশ্রীর সাবেক কাস্টমস কর্মকর্তা মাইনুদ্দিন মুন্সির বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে গৃহকর্মী লাইলী বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বনশ্রীর আশেপাশের বস্তির সহস্রাধীক বাসিন্দা বিক্ষোভে ফেটে পড়ে। তারা গৃহকর্মীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে বাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/এএম।