'শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নেতৃত্ব দিচ্ছে'

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:৫৫
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশ্ব নেতাদের মধ্যে একমাত্র নেতা শেখ হাসিনা যিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে ইউরোপ কানাডার মত উন্নত দেশ হবে বাংলাদেশ।'
 
তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব শুরুকালে দেশের মানুষের গড় আয় ছিল ৫৬১ ডলার বর্তমানে ১৬০২ ডলারে উন্নীত হয়েছে। 'টকশোতে অনেক বিএনপি নেতা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৫০টির বেশি আসন পাবে না।' মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন 'বিএনপি ৩০ টির বেশি আসনও পাবেনা।'
 
ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, '৪শ' ৬৫ কোটি টাকা ব্যয়ে ভোলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে চরফ্যাশনে কোন কাচা রাস্তা থাকবেনা।'
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সাংসদ পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদও আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডি'র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু কিছু সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান