ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ছেলে ৭০ বছর বয়সী বাবাকে পুড়িয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। লোকটি তার ছেলেকে গাছ বিক্রির টাকা দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটে। খবর পিটিআই’র।
এক পুলিশ কর্মকর্তা বলেন, রানাঘাট থানার রাবানবার গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বৈদ্যনাথ বিশ্বাস। তিনি তার কয়েকটি গাছ বিক্রি করে ৯০ হাজার রূপি পান। তার ছেলে অবোধ বিশ্বাস সেই টাকার কিছু অংশ চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। পরে অবোধ তার বাবার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন।
তার মা সরস্বতী বিশ্বাস স্বামীকে বাঁচাতে গিয়ে পুড়ে যান। মাকে বাঁচাতে গিয়ে অবোধও পুড়ে যায়। তাদের তিন জনকেই রানাঘাট আনুলিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বৈদ্যনাথ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
সরস্বতীকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয় এবং অবোধকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বৈদ্যনাথের অপর ছেলে সুবোধ বিশ্বাস রানাঘাট থানায় অবোধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ইত্তেফাক/কেকে
