শিরোপাধারী বার্সেলোনা আজ শনিবার রাতে লা লিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দিতে গিয়ে শিরোপাও প্রায় নিশ্চিত করে ফেলতে পারে। আবার কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতোমধ্যেই বিদায় নেওয়া অ্যাটলেটিকোর সামনেও সুযোগ আছে দু’দলের আট পয়েন্টের ব্যবধানকে আরও কমিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখার।
বার্সেলোনা গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ চড়াই-উতরাইয়ের পরও ড্র নিয়ে ফিরতে সক্ষম হয়েছিল। এতে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দশ থেকে আটে নেমে আসে। তা সত্ত্বেও, লা লিগায় নিজেদের ৩১তম ম্যাচে জয় পেলে বার্সার ২৬তম লিগ শিরোপা জয় একরকম নিশ্চিতই হয়ে যাবে।
কেননা রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো, সেভিয়া, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইতোমধ্যেই খেলে ফেলায় বাকি সাত ম্যাচে দলটির প্রতিপক্ষ অ্যাটলেটিকোর বিপক্ষদের তুলনায় সহজ। অ্যাটলেটিকো নিজেদের শেষ সাত ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে সেল্টা ভিগো, এইবার, ভ্যালেন্সিয়া, ভায়াদোয়িদ, এস্পানিয়ল, সেভিয়া ও লেভান্তের সঙ্গে। তাই শিরোপা জিততে হলে তখন নিজেদের অতিমানবীয় নৈপুণ্যের পাশাপাশি বার্সেলোনার অভাবনীয় সব হারও চাইতে হবে কোচ দিয়েগো সিমিওনির দলকে।
এমন এক ম্যাচকে সামনে রেখে একাদশ গোছানোর ক্ষেত্রে দুটো পরীক্ষার সামনে পড়তে হবে কোচ আর্নেস্তো ভালভার্দেকে। আগের খেলায় মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখা আর্তুরো ভিদালকে এই ম্যাচে পাচ্ছেন না তিনি। ফলে টানা ম্যাচ খেলে যাওয়া মিডফিল্ডার আর্থার মেলোকে খেলাবেন নাকি সার্জি রবার্তোর শরণাপন্ন হবেন এ নিয়ে দোটানায় পড়তে হতে পারে কোচকে।
আরও পড়ুন : টেকনাফে অস্ত্র উদ্ধার অভিযানে ৩ রোহিঙ্গা যুবক নিহত
শেষোক্ত বিকল্পে আস্থা রাখলে আবার রাইট ব্যাক হিসেবে খেলাতে হবে নেলসন সেমেদোকে। আসছে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রাখলে যা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
লেফট উইং নিয়ে কিছুটা মধুর সমস্যায়ই আছেন কোচ। ম্যাচের আগে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন উসমান দেম্বেলে, যিনি এই মৌসুমে গুরুত্বপূর্ণ কিছু সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মৌসুমজুড়েই ছন্দহীনতায় থাকা ফেলিপে কোটিনহো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন গত কিছুদিন ধরে।
আবার আরেক ব্রাজিলীয় উইঙ্গার ম্যালকমও নিজের শেষ তিন ম্যাচে এক গোল করে ও দুটিতে যোগান দিয়ে ভালোভাবেই দাবি জানাচ্ছেন আক্রমণভাগে লিওনেল মেসি ও লুই সুয়ারেজের সঙ্গী হবার। অ্যাটলেটিকোর মুখোমুখি হবার আগে তাই এই সব ধাঁধার উত্তর খুঁজতে হবে ভালভার্দেকে।
অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে আবার জানিয়েছেন বার্সেলোনার বিপক্ষে বাঁচামরার লড়াইকে সামনে রেখে লিগের জন্যে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়বে তার দল। তার ভাষায়, ‘শিরোপা থেকে কোনোভাবেই দৃষ্টি সরাতে পারি না আমরা। লড়াই আমাদের বৈশিষ্ট্য। আর আমরা লা লিগার জন্য আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাবো।’
ইত্তেফাক/কেআই
