নেত্রকোনা জেলার পূর্বধলা-দুর্গাপুর সড়কটির এখন বেহাল দশা। যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও এখন কষ্টসাধ্য ব্যাপার। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটির সংস্কার কাজ না হওয়ায় দিন দিন দুর্ভোগ বেড়ে চলেছে।
প্রতিদিন শতাধিক নির্মাণ বালুবাহী ট্রাক এবং ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। যানবাহনের যাত্রীরা ভয়ে আতঙ্কে বাসে চড়েন। কিন্তু সড়কের সংস্কার কাজ হচ্ছে না। আর এ কারণে জনগণের দুর্ভোগ দিন দিন বাড়ার সাথে সাথে ক্ষোভও বাড়ছে। সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটি বছর তিনেক পূর্বে নির্মাণ করা হয়। কিন্তু কাজের মান খারাপ থাকায় সড়কটি দ্রুত বিনষ্ট হয়। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা বাড়ছে। যাত্রীরা আহত হচ্ছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের দুর্ভোগের সীমা নেই।
নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অর্থাভাবে সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে তিনি বলেন, এ সড়ক যতবার মেরামত করা হবে, ততবারই বিনষ্ট হবে। কারণ সড়কের লোড যেখানে পাঁচ থেকে সাত টন, সেখানে এক একটি ট্রাক ১৫ থেকে ২০ টন মাল নিয়ে এ সড়কে চলাচল করে থাকে। ফলে সড়কটি তাড়াতাড়ি বিনষ্ট হয়। ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে সড়ক সংস্কার করেও কোনো লাভ হবে না। নির্বাহী প্রকৌশলী আরো জানান, শুষ্ক মৌসুমে সড়কটি সংস্কার কাজে যাতে হাত দেওয়া যায়, সে ব্যাপারে চেষ্টা চলছে। এদিকে জনগণ অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
