রাজধানীর বনানীতে গাড়িতে উঠিয়ে নিয়ে এক পোশাকশ্রমিকের শ্লীলতাহানির অভিযোগে এক প্রাইভেটকার চালককে গ্রেফতার ও গাড়িটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বনানী থানায় চালক ইমরানকে আসামি করে মেয়েটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
মেয়েটি জানায়, তার বাসা মিরপুর আগারগাঁওয়ের তালতলা এলাকায়। তিনি আগারগাঁও এলাকায় একটি গার্মেন্টেসে কাজ করেন। তার একটি মামলা সংক্রান্ত বিষয়ে বনানীতে এক আইনজীবীর বাসার উদ্দেশে সকালে বের হয়ে মহাখালী যান। এরপর বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেটের অদূরে বাসের অপেক্ষায় ছিলেন। তখন একটি প্রাইভেটকার নিয়ে তার সামনে থামে ইমরান। মেয়েটি কোথায় যাবে জানতে চায় সে। মেয়েটি বনানী যাবে বলামাত্র সে পৌঁছে দেয়ার কথা বলে যাত্রী হিসেবে গাড়িতে ওঠে। গাড়িটি গুলশান-১ এর দিকে গেলে মেয়েটি জানতে চায় ওদিকে কেন তাকে নেয়া হচ্ছে। চালক ইমরান বলে, গুলশান-১ ঘুরে যাবে বনানী। এরপর গুলশান-১ মোড় ঘুরে আবার মহাখালীর দিকে রওনা দেয়। ১১টা ৩৫মিনেটে তিতুমীর সরকারি কলেজের বিপরীতে গাড়ি থামায়। মেয়েটিকে পেছনের সিট থেকে তার পাশের সিটে ডেকে বসায় ইমরান। এরপর জানালার গ্লাস বন্ধ করে মেয়েটির শ্লীলতাহানি করে। পরে মেয়েটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে। মেয়েটিকে দ্রুত নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে আমতলীর দিকে রওনা হয় চালক। গাড়িতে মেয়েটির মোবাইল ফোন পড়ে থাকায় সে চিত্কার করতে থাকে। আমতলী সিগন্যালে গাড়ি আটকা পড়লে ট্রাফিক পুলিশ গাড়িটিসহ ইমরানকে আটক করে। এরপর বনানী থানা পুলিশের কাছে চালকসহ গাড়িটি হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রাইভেটকার চালক ইমরানকে আসামি করে মেয়েটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এএম।
