বেরোবিতে বঙ্গমাতার জন্মদিন পালন

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০০:০১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায়  নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট’১৭) তাঁর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টায় বেরোবি শাখা ছাত্রলীগের আয়োজনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে রাত ৯টায় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৃথক পৃথকভাবে পালন করা এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর সহধর্মীনি সঠিক পরামর্শ দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গমাতা কখনও জাতির পিতাকে বিচলিত হতে দেননি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এবং হলের সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, সদস্য সচিব মো: মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর প্রমুখ।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদের ইমাম কাম খতিব রকিব উদ্দিন আহাম্মেদ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।  

এছাড়াও সন্ধ্যায় বেরোবি শাখা ছাত্রলীগের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফটকে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ কর্মসূচিতে যোগ দেন উপাচার্য। এ সময় বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু