রাজধানীতে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৩:১৬
 
রাজধানীতে পৃথক চারটি স্থানে সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উত্তরায় ১ নম্বর সেক্টর এলাকায় হাফিজুর রহমান ওরফে হাবু (১৫), বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় অজ্ঞাত নারী (৩৫), মিরপুরের শাহ আলী মাজারের সামনে হাবিবুর রহমান হাবিব (৩০) ও মালিবাগ বাগিচা এলাকায় রেল লাইনে অজ্ঞাত যু্বক (৩৫)।
 
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গনি সাবু জানান, বুধবার রাত ১০টার দিকে উত্তরায় ১ নম্বর সেক্টরে একটি যাত্রীবাহী বাস পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে হাবু নিহত হন। তিনি পিকআপভ্যানের যাত্রী ছিলেন।তুরাগে একটি জর্দ্দা ফেক্টরিতে তিনি কাজ করতেন। 
 
বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। মিরপুর শাহ আলী মাজারের সামনে বুধবার রাত ১০টার দিকে রাস্তা পার হতে গিয়ে হাবিবুর রহমান হাবিব নামে এক গার্মেন্টস কর্মী ট্রাকের ধাক্কায় নিহত হন। নিহত হাবিব সাভারের হেমায়েতপুরের একটি গার্মেন্টস শ্রমিক ছিলেন। 
 
ঢাকার রেলপথ থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে বাগিচা এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় অজ্ঞাত যুবক (৩৫) ট্রেনে কাটা পড়েন। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট, চেক প্রিন্টের হাফ শার্ট। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে