রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আগামী ১৫ এপ্রিল মামলার রায় দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট মো. এন্তাজুল হক বাবু। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক অনুপ কুমার রায় ঘোষণার দিন ধার্য করেন।
পিপি এন্তাজুল হক জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত ১৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্র পক্ষের ট্রাইব্যুনালের পিপি যুক্তি উপস্থাপন করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপক্ষ মামলায় আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফলে রায়ে আসামিরা বেকসুর খালাস পাওয়ার দাবি রাখেন।
মামলার চার্জশিটে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত নাসরিন আখতার রেশমার সঙ্গে শফিউল ইসলামের দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জেরে তার স্বামী যুবদল নেতা আব্দুস সালাম পিন্টু লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে নাসরিন আখতার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন উজ্জল, আব্দুস সালাম পিন্টু, পিন্টুর স্ত্রী নাসরিন আক্তার রেশমা, যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক, সবুজ শেখ, সিরাজুল ইসলাম কালু, আল-মামুন, সাগর, জিন্নাত ও আরিফ।
আরো পড়ুন: বরগুনায় স্কুলের বিম ভেঙ্গে শিক্ষার্থী নিহত, আহত ৫
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ড. শফিউল ইসলামকে। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/অনি
