ফ্লাইওভার মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে বাসটি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:১৭

তারেকুর রহমান

 

ঢাকার রাস্তার পরিচিত বাস বিআরটিসি। এই বাসের ড্রাইভার মতিন। মতিন রাস্তায় গাড়ি চালালে কাউকে সেকেন্ড হতে দেয় না। সবসময় ফার্স্ট হতে হবে এই লক্ষ্য নিয়েই তিনি গাড়ি চালান। তার বাসের ধাক্কায় কত গাড়ির গ্লাস ভেঙেছে তার হিসাব নেই। অবশ্য এতসব গুণ থাকার পর ও সে সন্তুষ্ট না। মতিন এমন কিছু করার ইচ্ছে ছিল যেন সবাই তাকে মনে রাখে। আজ মতিনের মন ভালো নেই। বাসায় স্ত্রীর সাথে কিঞ্চিত্ ঝগড়াঝাঁটি হয়েছে। বরাবরই স্ত্রীর কাছে হেরে যায় মতিন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিলে নিজেকে রাজা মনে হয়। বাসায় গেলে সেই মতিনকেই প্রজার মতো থাকতে হয়।

যা হোক, আজ সকাল থেকেই গাড়ি চালাচ্ছে মতিন। কুড়িল বিশ্বরোড এসে দেখতে পেল এক ভয়াবহ দৃশ্য। যা দেখে যে কারোরই চোখ কপালে ওঠে যাবে। কুড়িল ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে হয়ে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। মতিন এ দৃশ্য দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। মতিন অনেক কসরত করে বিআরটিসির বাসটি কুড়িল ফ্লাইওভারের নিচে আটকে দিল। বাসের ওপর ফ্লাইওভারটি দাঁড়িয়ে আছে। ফ্লাইওভারের নিচে নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে বিআরটিসির বাসটি। আজ মতিন না থাকলে এত বড় দুর্ঘটনা থেকে বাঁচা যেত না। মতিন এ কাজের জন্য রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি চায় না। সে শুধু চায় রাস্তার রাজা হতে আর স্ত্রীকে তার বাধ্য করতে। মতিন কি পারবে রাস্তার রাজা হতে? পারবে কি স্ত্রীকে বশে আনতে?