পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় মৃত্যুবরণ করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান (ইন্না লিল্লা...রাজেউন)। তিনি উপজেলার চন্দ্রখানা মুছল্লিপাড়া গ্রামের মৃত আব্দুল মামুদের ছেলে।
গত ১২ আগস্ট শনিবার মক্কায় পৌঁছার পর সৌদি সময় সকাল এগারটায় কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় তিনি মারা যান। পরে ১৩ আগস্ট ফজরের নামাজের পর কাবা শরীফে নামাজে জানাজা শেষে তাকে ওখানেই দাফন করা হয়েছে। তার সফর সঙ্গী হাজী ফুলবাড়ী উপজেলার সাবেক আনসার ভিডিপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মারফত পরিবারের লোকজন মৃত্যুর সংবাদ পেয়েছেন বলে নিহতের জামাতা রাফিউল ইসলাম জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী চার ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ যোহর ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে মরহুমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/কেকে
