শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। সিমিত ওভারের সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার যুবরাজ সিং। বিশ্রাম দেয়া হয়েছে দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে।
শ্রীলঙ্কা সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলেছে ভারত। কিন্তু সে সিরিজে নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরতে পারেননি যুবরাজ। তিন ম্যাচে সর্বমোট ৪৭ রান করা যুবরাজকে তাই শ্রীলংকা সিরিজের জন্য বিবেচনায় নেননি ভারতীয় নির্বাচকরা।
যুবরাজে মত দল দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক ও ঋসভ পান্টও। এরা দু’জনই ক্যারিবীয় সফরের দলে ছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে খেললেও ওয়ানডে সিরিজে সুযোগ রাখা হয়নি দলের দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ সামিকে। এ দু’জনকেও বিশ্রামে রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না খেললেও, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত।
এছাড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে আবারো দলে ফিরেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি।
এছাড়াও দলে ফেরার তালিকায় আছেন মনীষ পান্ডে, অক্ষর প্যাটেল, যুবেন্দ্রা চাহাল, জসপ্রিত বুমরাহ ও শারদুল ঠাকুর।
আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর ৬ সেপ্টেম্বর হবে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনীষ পান্ডে, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুভেন্দ্রা চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শারদুল ঠাকুর। বাসস।
ইত্তেফাক/রেজা
