আগুন নিয়ে সেলফি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:২৩

 

সাঈদ সাহেদুল ইসলাম

 

আবুল মিয়ার খড়ের গাদা তিনটে—পাশাপাশি,

শুকনো অনেক খড় রেখেছে; ভীষণ ঠাসাঠাসি।

হঠাত্ ওদিন আগুন লাগে একটি খড়ের গাদায়,

পাশের দুটি পুড়বে না কি, ধর্মে আগুন যা ধায়!

 

আবুল মিয়ার গিন্নী চোখে ঝরায় জলের ঢেউ,

দৌড়ে এলে পাড়ার মানুষ ঢালছে পানি কেউ।

তাদের মাঝে মফিজ কজন করল শুরু এ কী,

আগুন নেভার কর্ম বাদে দৌড়ে বেড়ায় দেখি।

 

প্রশ্ন করি ‘কী হলো তুই দৌড়ে বেড়াস ক্যান?’

বলল মফিজ, ‘আরেকটু ভাই একটু সময় দেন!

গরুর ঘরেও লাগছে আগুন—পুড়ছে গরুগুলি,

জল পরে দি; গরুর সাথে সেলফি আগে তুলি!

 

ফেবুতে পোস্ট দেব ওটা! আগুন নিভে গেলে,

এমন ছবি আর ভিডিওর বলুন সুযোগ মেলে?’

গোহাল-গরু-খড় পুড়েছে আবুল হিসাব গোনে,

মফিজ রাখে প্রমাণটুকু উহার মোবাইল ফোনে!