পান্তা-ইলিশ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:২৫

 

রেবেকা ইসলাম

 

আবুর বউয়ের ইচ্ছে হঠাত্ মনের ভিতর বর্ষে

পয়লা বোশেখ ভোরে খাবে পান্তা-ইলিশ সর্ষে

স্বামীকে তার সাধ জানিয়ে মুখটি ভরায় হর্ষে

ইচ্ছ যদি পূরণ না হয় কেমন তরো নর সে?

 

ইলিশ নিয়ে খুব আয়োজন চলছে দিবারাত্রি

এমন সাধের নিপীড়নে জ্বলছে আবুর গাত্র

হঠাত্ দেখে বাজারে সে, সঙ্গে বড় পাত্র

পাওয়া গেল সস্তা ইলিশ কেজি কুড়িমাত্র!

 

সামান্য এই মূল্য শুনে চমকে ওঠে পিলে

ঘটনাটা সত্যি নাকি? বলে সে ঢোঁক গিলে

আবুর সাথে করছে নাকি ঠাট্টা সবাই মিলে

কিন্তু হঠাত্ ঘুম ভেঙে যায় বউয়ের মৃদু কিলে।

 

ঘুম আসে না দুচোখ পাতায় সামান্য একরত্তি

আহা যদি থাকত আবুর আলাদিনের দত্যি

মিলত যত বিঘ্ন-বাধা ঝুট ঝামেলার পথ্যি

ইচ্ছেগুলো পূরণ হয়ে স্বপ্ন হতো সত্যি।

 

আবু মিয়া বাজার যাবে বন্ধ প্যাঁচাল চর্চা

সকালে বউ বানিয়ে দেয় গরম গরম সর চা

নানারকম মশকরা ঢং নানারকম কড়চা

একটা ইলিশ কিনতে গেল এক মাসের হাতখরচা।